বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জনসভায় তিনস্তরের নিরাপত্তা, মাঠে থাকবেন ৫ শতাধিক পুলিশ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
expand
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সমাবেশস্থলে তিনস্তরের নিরাপত্তা থাকবে এবং মাঠে দায়িত্ব পালন করবেন পাঁচশতাধিক পুলিশ সদস্য। এছাড়া শতাধিক পুলিশ সদস্যের শরীরে থাকবে বডি ক্যামেরা।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মঞ্চের চারপাশে দুই স্তরের নিরাপত্তা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি ও ডিএসবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সভাস্থলের আশপাশে বড় বড় গাছ থাকায় সেখানে কেউ অবস্থান করতে না পারে সেদিকেও নজর রাখা হবে।

তিনি জানান, তারেক রহমান হেলিকপ্টারে যেখানে নামবেন এবং হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা পুলিশের কাজে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, যানবাহন রাখার জন্য শহরের পাঁচটি স্থান নির্ধারণ করা হয়েছে। ভিআইপি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন সভাস্থলে প্রবেশ করতে পারবে না। এ জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রথম পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। যাতে অপরাধীরা পালিয়ে গেলেও ভিডিও ফুটেজে তাদের শনাক্ত করা সম্ভব হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে। সোমবার সমাবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের রিহার্সেলও সম্পন্ন হবে।

প্রেস ব্রিফিং শেষে পুলিশ সুপার সভাস্থল ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ, ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X