

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে হবিগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এসব অভিযানে ট্রাকে বালির নিচে কৌশলে লুকিয়ে পরিবহন করা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস, ভারতীয় মদ এবং গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এলাকাটি সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে।
এ সময় টহলদল রাস্তার পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে। পরে সন্দেহের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালির নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকসের সন্ধান পান বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চোরাচালানকারীরা বালির আড়ালে এসব ভারতীয় পণ্য লুকিয়ে পরিবহন করছিল। পরে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
এদিকে, ৫৫ বিজিবির অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহলদল পৃথক আরও কয়েকটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
বিজিবি সূত্র জানায়, ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে সিন্দুরখান বিওপির একটি টহলদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এর আগে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাতছড়ি বিওপির টহলদল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গারোটিলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল মাধবপুর উপজেলার ২০ নম্বর চা-বাগান এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, পৃথক তিনটি অভিযানে সর্বমোট ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।
সব মিলিয়ে ৫৫ বিজিবির পৃথক অভিযানে জব্দ করা ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজার সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার জনগণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি।



