

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের একটি যাত্রী ছাউনির পাশে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের হেফাজতে থাকা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তম মুন্ডা (২৯), পিতা- ফান্ড মুন্ডা এবং দিলীপ কুরমী (৩৫), পিতা- মৃত কার্তিক কুরমী। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে গ্রেফতারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।