

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। রবিবার (১৭ মে) বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে মাধবপুর থানাধীন সুরমা চা বাগান গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহজাহানপুর ইউনিয়নের একটি চা-বাগানের সামনে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানরত কয়েকজনকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা দুটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— সাজন মোদি (২৮), পিতা: মৃত লক্ষীন্দর মোদি, সাং: বেগমখান চা-বাগান; রিমন কালিন্দী (২১), পিতা: সজল কালিন্দী এবং সুজন কালিন্দী (২৪), পিতা: মৃত সুনীল কালিন্দী, উভয়ের বাড়ি চাঁনপুর চা-বাগান, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।