বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম
বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রাথমিকভাবে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৩টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট প্রায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে বাজারে গিয়ে তারা দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে সবকিছু পুড়িয়ে দেয়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন