শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট ও কাচ্চি ডাইনসহ ৫ প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ এএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবিগঞ্জ জেলা সদর উপজেলা ও পৌর এলাকায় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শহরের পশ্চিম ভাদৈ এলাকায় অবস্থিত গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশুদ্ধ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপু-এর নির্দেশনায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হবিগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে সংরক্ষণ, বাসি বিরিয়ানি, পোলাও ও ফ্রাইড চিকেন ফ্রিজে রেখে বিক্রির প্রস্তুতি, রান্নাঘরে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহার, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং রান্নার সময় পত্রিকার কাগজ ব্যবহার করার মতো গুরুতর অনিয়ম লক্ষ্য করা যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই অভিযানে পৌর এলাকার নোভা সুপারশপ-এ মূল্য তালিকার সঙ্গে পণ্যের দামের অসামঞ্জস্যতা এবং বিদেশি খেজুরে আমদানিকারকের স্টিকার না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে কাচ্চি ডাইন-এ লেবেলবিহীন বোরহানি বিক্রি এবং ফ্রিজে কাঁচা মাংস সংরক্ষণে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিউরিয়াস রেস্টুরেন্ট-এ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, বিদেশি সস ও মসলায় আমদানিকারকের স্টিকার না থাকা এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে স্কাই কিং রেস্টুরেন্ট-এ পোড়া তেল ব্যবহার, নিষিদ্ধ কেওড়া ও গোলাপ জল ব্যবহার, পচা ও বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ভিনেগার ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে ডিম সংরক্ষণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন