

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে অভিনব কৌশলে ট্রাকভর্তি ধানের তুষের বস্তার ভেতরে লুকিয়ে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করেন। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
শুক্রবার রাত প্রায় ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে সেটি থামানো হয়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে দেখতে পান, বস্তাভর্তি ধানের তুষের ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকিয়ে রাখা হয়েছে। এছাড়াও ট্রাকটিতে বস্তার ভেতরে লুকানো সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইস উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব কসমেটিকস ও ট্র্যাকিং ডিভাইসটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
অন্যদিকে হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল একইদিন রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা।
জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন