রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:০২ পিএম
হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ
expand
হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুইটি অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (৭ মার্চ) ভোররাত ও সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সাতছড়ি সীমান্ত ফাঁড়ি (বিওপি)-এর একটি বিশেষ টহলদল রাত প্রায় ২টার দিকে সীমান্ত এলাকা থেকে প্রায় ২০০ গজ ভেতরে শালবাগান এলাকায় টহল জোরদার করে।

এসময় বিজিবি সদস্যরা কয়েকজন পাচারকারীকে কয়েকটি বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করতে দেখলে তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে একই দিন সকাল ৮টার দিকে সাতছড়ি বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে পাচার করে আনা মালিকবিহীন ৮টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, জব্দকৃত গরু ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। জব্দ করা গাঁজা ও গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গাঁজাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং গরুগুলো হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান দমন এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার লক্ষ্যে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন হওয়ার এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন