

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটজনকে আটক করে ডিবি পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে এদিন দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এলাকার নবীনগরমুখী লেনে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃত ওই আটজনের নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
ডিবি পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরমুখী লেনে ৮ থেকে ১২ জনের একটি দল ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টাকালে আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

