

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে সাভারের বিকলিয়ায় ‘কুসুম কলি সু ফ্যাক্টরি’ নামের একটি সচল কারখানা জোরপূর্বক দখল, প্রায় ৫ কোটি টাকার মালামাল আটকে রাখা, মারধর ও ভয়ভীতি দেখিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে আকরাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা নাজমা খাতুন।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নাজমা খাতুন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী মো. মিজানুর রহমান, মেয়ে নয়না আফরিন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, কারখানা ও মালামাল ফেরত, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাসহ মোট ৯ দফা দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে নাজমা খাতুন অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে তিনি সুনামের সঙ্গে ‘কুসুম কলি সু ফ্যাক্টরি’ নামে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি আকরাম হোসেন নামে এক ব্যক্তি নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে তার কারখানা জোরপূর্বক দখল করে নেন।
নাজমার অভিযোগ, এ সময় তাকে শারীরিকভাবে মারধর করা হয় এবং প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয়। একইসঙ্গে তার স্বামী মো. মিজানুর রহমানকেও মারধর করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। কারখানায় থাকা প্রায় ৫ কোটি টাকার মালামালও আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রম ও মেহনতের মাধ্যমে গড়ে তোলা ব্যবসাটি পুনরায় চালু করে নিজের অধিকার ও সম্মান ফিরিয়ে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান তিনি।


