

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার আশুলিয়ায় চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব এবং শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে 'ইনজেনিটেক্স বিডি লিমিটেড' এবং 'ইনজেনিটেক্স একটিভ লিমিটেড' কারখানার ভুক্তভোগী শ্রমিকসহ সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করে অবিলম্বে তাদের পাওনাদি পরিশোধের দাবি করেন।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব করছে। এর ফলে ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে চরম আর্থিক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দাবি করেন, পাওনা পরিশোধে কর্তৃপক্ষের এই টালবাহানা শিল্পাঞ্চলে অসন্তোষের পরিবেশ তৈরি করতে পারে।
এ সময় শ্রমিকরা ৫ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে চুক্তি অনুযায়ী দ্রুত সকল পাওনা পরিশোধ, বিলম্বের কারণ স্পষ্ট করা, শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিত করা, সকল প্রকার হয়রানি বন্ধ এবং সমস্যা সমাধানে শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে কার্যকর আলোচনার দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে কোনো ধরনের টালবাহানা করা যাবে না। অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিতে হবে। ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা।


