বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, কেরানীগঞ্জে এক্সপ্রেসওয়ে অবরোধ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:৩১ পিএম
কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করা হয়েছে।
expand
কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করা হয়েছে।

কারারক্ষী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক শ পরীক্ষার্থী।

মঙ্গলবার (১৯ মে) কয়েক দফায় এই অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায় প্রায় তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও পরীক্ষার্থীদের সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী পদে শারীরিক পরীক্ষা (ফিজিক্যাল ফিটনেস টেস্ট) শুরু হয়। পরীক্ষা চলাকালে উচ্চতা মাপা এবং শারীরিক সক্ষমতা মূল্যায়নে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অনেক পরীক্ষার্থী। একপর্যায়ে বাদ পড়া বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একটি বড় অংশ কারাগারের ভেতর থেকে বের হয়ে বেলা ১১টার দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় আন্দোলনরত পরীক্ষার্থীরা এক ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধানের আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় বেলা ১টার দিকে তাঁরা আবারও সড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা চলতি নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভোলা থেকে আসা পরীক্ষার্থী ইমরান হোসেন অভিযোগ করে বলেন, শারীরিক পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও নয়ছয় হয়েছে। নিয়ম অনুযায়ী ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা থাকার কথা। কিন্তু এখানে নিয়ম না মেনে কর্মকর্তাদের যাঁকে খুশি পাস করিয়েছেন, আর যাঁকে খুশি বাদ দিয়েছেন।

সুমন সরকার নামের আরেক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। অথচ আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আমার চেয়ে কম উচ্চতার অনেককে টিকিয়ে দেওয়া হয়েছে। আমি গরিব ঘরের সন্তান, মানুষের কাছ থেকে টাকা ধার করে পরীক্ষা দিতে এসেছি। বাধ্য হয়েই আমাদের রাস্তায় নামতে হয়েছে। আমরা এই দুর্নীতিগ্রস্ত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ পরীক্ষা চাই।

সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরীক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে দুপুরে তাঁরা আবারও রাস্তা বন্ধ করতে চাইলে পুলিশ কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এদিকে নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বলেন, আজ সারা দেশে কারারক্ষী পদে নারী ও পুরুষদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে প্রায় ৪৬ হাজার ৬০০ পরীক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে ৪৫০ জন পুরুষ ও ২২ জন নারী নিয়োগ দেওয়া হবে। কেরানীগঞ্জ কেন্দ্রে ২ হাজার ৬১৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১ হাজার ১১৪ জন।

তিনি আরও জানান, শারীরিক পরীক্ষায় উচ্চতা, ওজন, দৌড়, পুশআপ ও লং জাম্পসহ কয়েকটি কঠোর ধাপে মূল্যায়ন করা হচ্ছে। সম্পূর্ণ নিয়ম মেনেই যোগ্যদের নির্বাচিত করা হয়েছে এবং অযোগ্যরা প্রতিটি ধাপে বাদ পড়েছেন। কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। পরীক্ষায় অকৃতকার্য হয়ে একদল প্রার্থী সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন