সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান
expand
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা ইমান উল্লাহ ওরফে মাস্তানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সদস্য ও কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জন শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, পুড়ে যাওয়া কারখানার মালিক হাজী মোহাম্মদ আকরাম হোসেনের সঙ্গে গ্রেফতার মাস্তানের পারিবারিক সম্পর্ক রয়েছে।

তার প্রভাবেই পূর্বে বন্ধ থাকা কারখানাটি বৈধ লাইসেন্স ছাড়াই পুনরায় চালু করা হয়। এছাড়া কারখানা পরিচালনায় আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এছাড়া অবৈধভাবে পরিচালিত কারখানাটিতে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রাখা হয়েছিল এবং কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের সময় কারখানার মূল ফটক তালাবদ্ধ ছিল বলেও অভিযোগ উঠেছে, ফলে শ্রমিকরা বের হতে পারেননি।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন