শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের কাছে নেই তথ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে মিছিলটি বের করা হয়। এসময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন অন্তত ১৫-২০ জন নেতাকর্মী। এ সময় ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা যায়।

এ মিছিলের কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরতে দেখা যায়। সেখানে আসিফের নেতৃত্বে বাকিরা স্লোগান ধরেন এবং কয়েক মিনিট স্থায়ী মিছিলটি দ্রুত শেষ করে নেতাকর্মীরা সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকা অবস্থায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। পরে তারা দ্রুত সড়কটি ছেড়ে যায়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, মিছিলের বিষয়ে কিছুই জানেন না তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন