

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট শুধু অধিকার নয়, এটি গণতন্ত্রের বাস্তব প্রয়োগ। আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি সংগ্রামের নাম। তিনি আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবেন। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম প্রমাণ করেছে, কোনো লোভ, প্রতিহিংসা বা স্বার্থপরতা ছাড়াও রাজনীতি করা সম্ভব। তার আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
কেরানীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকার সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হবে। আগামীতে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিক্যাল কলেজ, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। তবে নাগরিকদের সম্পৃক্ততা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। জনগণকে উন্নয়নের অংশীদার হতে হবে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে আগামী ৫০ থেকে ৬০ বছরের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও বসবাসযোগ্য পরিবেশ—সবকিছু মাথায় রেখে আধুনিক নগরায়নের দিকে এগোতে হবে। লক্ষ্য একটাই—এমন একটি কেরানীগঞ্জ গড়া, যেখানে মানুষ উন্নত নাগরিক সুবিধা পেয়ে ঢাকামুখী হতে বাধ্য না হয়।
মন্তব্য করুন