

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের সার্বিক প্রস্তুতি মনিটরিং করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন কক্সবাজার সফর করবেন। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের সিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। তিনি একদিনের সফরে আগামী ১৩ জুন সকালে কক্সবাজার আসবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে জেলাব্যাপী চলছে সাংগঠনিক তৎপরতা, সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ।
সুত্র মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন শনিবার সকাল ৯টায় বিমানযোগে সপরিবারে কক্সবাজার পৌঁছাবেন। শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পূণ খনন কাজ উদ্বোধন ও সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি বেলা ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর পেকুয়ার উদ্দেশে রওয়ানা দেবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।
এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও মোনাজাত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাড়িতে অবস্থান করে দুপুরের খাবার খাবেন। এরপর চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভার উদ্দেশে রওয়ানা হয়ে যাত্রাপথে বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। চকরিয়া জনসভাস্থল থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি সড়কপথে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তিনি সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘন্টা প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অথবা বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে কক্সবাজারের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফর শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এক সপ্তাহ আগেই নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। গত শুক্রবার সকালে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান। তাদের সাফারি পার্কে স্বাগত জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং জেলা ও চকরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতারা।
প্রধানমন্ত্রীর সাফারি পার্কে বৃক্ষ রোপণের স্থান পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পরিদর্শনে যান নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়ায়। এ সময় তাদের স্বাগত জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন- কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, বিএনপি নেতা ছফওয়ানুল করিম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের সিনিয়র নেতারা।
চকরিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চকরিয়ার জনসভায় বিশাল জনসমাগম ঘটানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।