

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ধানের শীষে ভোট চেয়ে বলেন, বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ, জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার জনগণের সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ভোটাধিকারের জন্য কিংবা গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।
তিনি আরও বলেন, আমার বেঁচে থাকার কথা ছিল না, আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।
শেষ জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্টদের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
এ সময় সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাঁদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন