বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু, মোট ১৭

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
হামে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু
expand

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আনাবিয়া নামের ১৪ মাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।

নিহত শিশু আনাবিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ বলেন, নিহত শিশুটির শরীরে হামের বিভিন্ন স্পষ্ট লক্ষণ ছিল। তবে ল্যাবরেটরি পরীক্ষার পরই সে হামে আক্রান্ত ছিল কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কুমিল্লা জেলায় ৩ হাজার ৮৯৬ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank