

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বিশেষজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করে গুলি বের করার চেষ্টা করা হবে।
শুক্রবার (২৬ জুন) সকালে মুঠোফোনে প্রেমের বাবা ইউনুস মিয়া বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা ঝুঁকি থাকায় গুলি বের করেননি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও অস্ত্রোপচার করা হয়নি। গুলিবিদ্ধ স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং তাকে রক্ত দিতে হচ্ছে। বড় সার্জন এলে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে তাঁর একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়। মাঝে মধ্যে সে চোখ খুলছে, তবে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি শিক্ষার্থীটির ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। এ কারণে ঝুঁকি বিবেচনায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করা সম্ভব হবে বলে আশা করছেন চিকিৎসকেরা।
এদিকে, এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে প্রেমের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসা নিয়ে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধের জেরে বুধবার রাতে উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষের সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও কাঁটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করেন।
অভিযোগ রয়েছে, মানববন্ধন চলাকালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত হামলা ও গুলিবর্ষণ করে। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমসহ অন্তত সাতজন আহত হন।
প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ইউনুস মিয়া কুমিল্লা নগরীর সিটি পার্কে একটি রাইডে কর্মরত।