মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:২২ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার আটকের জেরে কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার আটকের জেরে কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও একটি সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার কাঁচাবাজারে জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে অভিযান চালাচ্ছিল হাইওয়ে পুলিশ। এ সময় কয়েকটি অটোরিকশা আটকের চেষ্টা করলে চালকদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরে গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে দুর্বৃত্তরা গাড়িটিতে আরও হামলা চালায়।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর দাবি, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর প্ররোচনায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আবদুল মমিন বলেন, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সরকারি গাড়ি ভাঙচুর করে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম বলেন, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন