মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তনু হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাবেক সেনাসদস্য ফের কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১১:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। কুমিল্লার আদালতে আনা হলে বিচারক পুনরায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাফিজুর রহমানকে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের বিশেষ ইউনিটে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ২৫ এপ্রিল তাঁকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া তাঁর ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি। প্রতিবেদন পাওয়ার পর তদন্তের পরবর্তী ধাপ শুরু হবে।

তিনি আরও জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও মানববন্ধন হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন