

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার জনগণকে নানা ধরনের কার্ড দিলেও জনগণের হাতে আছে একটি ‘লাল কার্ড’। সেই কার্ড দেখানো হলে সরকারের আর কোনো কার্ডই কাজে আসবে না।
আজ বুধবার (২০ মে) রাত সাড়ে আটটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদর বাজারে আয়োজিত এক পথযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অনেক কার্ড দিয়েছেন—কৃষক কার্ড, খামারি কার্ড, আরও নানা কার্ড। বছরে ২০টি কার্ড দেন। কিন্তু জনগণের হাতে আছে একটি কার্ড, সেটি হলো লাল কার্ড। জনগণ যখন সেটি দেখাবে, তখন আর কোনো কার্ড কাজে আসবে না।
তিনি বলেন, জনগণ সরকারের কাছে বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে সরকার সেটিকে ‘কুক্ষিগত’ করেছে। তাঁর ভাষ্য, ‘আমরা জাস্টিস কার্ড চেয়েছিলাম। কিন্তু বিচারব্যবস্থাকে স্বাধীন না রেখে নিয়ন্ত্রণ করা হয়েছে। জনগণই একদিন এর জবাব দেবে।
সমাবেশে তিনি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে এমপির সন্তান, মন্ত্রীর সন্তান ও কৃষকের সন্তান সমান সুযোগে পড়াশোনা করবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না।
বিচারপ্রার্থীদের দুর্ভোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে থানায় ভিন্ন আচরণ করা হয়। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। ‘এমন বাংলাদেশ আমরা চাইনি,’ বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, পুরোনো ব্যবস্থাকেই নতুন মোড়কে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনায় সরকার কার্যকর প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য, দেশের তরুণেরা ঘুমিয়ে নেই। তারা লাল কার্ড নিয়ে প্রস্তুত হয়ে আছে।
এর আগে দিনভর লালমাই, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পথযাত্রা করেন হাসনাত আবদুল্লাহ। নাঙ্গলকোট উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, জয়নাল আবেদীন শিশির এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম।