

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের মূল চালিকাশক্তি কৃষক। তাদের মর্যাদা ও সক্ষমতা বাড়াতে পারলেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও দৃঢ় অবস্থানে পৌঁছাবে।
শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের পরিচয় তুলে ধরে মন্ত্রী বলেন, আমি শুধু কৃষকের সন্তানই নই, নিজেও একজন কৃষক। তিনি জানান, একসময় কৃষকের পরিচয় দিতে অনেকে সংকোচ বোধ করলেও এখন পরিস্থিতি বদলেছে। বর্তমান প্রজন্ম গর্বের সঙ্গে কৃষকের পরিচয় বহন করছে, যা দেশের অগ্রগতিরই প্রতিফলন।
বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যুক্তিনির্ভর চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা মানুষকে এগিয়ে নেয়। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের যুক্তি ও জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।
বিশ্ব রাজনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, অতীতে রাজতান্ত্রিক শাসনে সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ সীমিত ছিল। বর্তমানে বিশ্বব্যবস্থা বদলালেও শক্তিধর রাষ্ট্রগুলোর নানা স্বার্থ এখনও সক্রিয়। এই বাস্তবতায় শক্তির পরিবর্তে জ্ঞান, প্রজ্ঞা ও কৌশলই হতে পারে টিকে থাকার প্রধান উপায়।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে উৎপাদন ও বাজার ব্যবস্থার মধ্যে সমন্বয় আনার চেষ্টা করা হচ্ছে। এতে কোন অঞ্চলে কোন ফসলের চাহিদা বেশি—তা নির্ধারণ করা সহজ হবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দল এবং সেরা বক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন