বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় এক সকালে চার দুর্ঘটনা, ঝড়ল ৬ প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
নিহতদের স্বজনের কান্না
expand
নিহতদের স্বজনের কান্না

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে দাউদকান্দি, বুড়িচং, চান্দিনা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত পাঁচজন; তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট চারটি থানার কর্মকর্তারা নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত ব্যক্তিরা হলেন—দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বারেক (৪২) ও মোস্তফা (৪০), নোয়াখালীর বেগমগঞ্জের জহিরুল ইসলাম (মইন) (২৭), মেহেরপুর সদরের সোহেল রানা (৩৫), চান্দিনার নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম (১৪) এবং নোয়াখালীর সেনবাগের ওমর ফারুক (৩৯)।

পুলিশ জানায়, ভোরে দাউদকান্দির কানড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও চারজন আহত হন। এর কিছুক্ষণ পর বুড়িচংয়ের নিমসার বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই চালকের মৃত্যু হয়।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে চান্দিনার কাঠেরপুল এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে লরির চাপায় প্রাণ হারায় স্কুলছাত্র ইবনে তাইম। এদিকে চৌদ্দগ্রামের গাংরা এলাকায় বিকল হয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চালক ওমর ফারুক নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় চালকসহ ছয়জন চাঁদপুরের মতলব উত্তর থেকে মেলা শেষে ফিরছিলেন। পথে দাউদকান্দির কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বারেক ও মোস্তফা নিহত হন এবং আরও চারজন আহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ভোর পৌনে চারটার দিকে নিমসার বাজার এলাকায় ঢাকা-মুখী লেনে একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুই চালক—জহিরুল ইসলাম ও সোহেল রানা—ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও একজন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনার কাঠেরপুল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় লরির চাপায় নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম নিহত হয়। ঘাতক লরিটি জব্দ করা হয়েছে।

মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে চৌদ্দগ্রামের গাংরা এলাকায় বিকল হয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চালক ওমর ফারুক নিহত হন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যানটি জব্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন