বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
মায়ের জানাজায় অংশ নিয়েছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ ভূইয়া
expand
মায়ের জানাজায় অংশ নিয়েছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ ভূইয়া

কুমিল্লার নাঙ্গলকোটে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ ভূইয়া।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বাঁ হাতে হাতকড়া পরা অবস্থায় ডান হাতে মায়ের খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যেতে দেখা যায় জালাল আহমেদকে। এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত এলাকাবাসী। অনেকের চোখে পানি দেখা যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে দুপুরে তাঁকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কড়া পুলিশ পাহারায় তিনি জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাঁকে আবার কুমিল্লা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জালাল আহমেদ ভূইয়া হেসাখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য। গত বছরের ২০ জানুয়ারি নাঙ্গলকোট থানার দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কারাগারে থাকা অবস্থায়ই মায়ের মৃত্যুর খবর পান জালাল আহমেদ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মা মারা যান। বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আইন তার নিজস্ব পথে চলে। তবে মায়ের জানাজায় ছেলের এমন উপস্থিতি আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup