বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় চন্দনাইশের ২ জন নিহত
expand
সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় চন্দনাইশের ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সাঙ্গু ব্রীজের দক্ষিণ পাড়ে সাতকানিয়া বিওসি মোড় সংলগ্ন এলাকায় দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি রিকসার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার ( ২৫ মার্চ ) সকাল সাড়ে ৯টার দিকে বিওসির মোড়ের রাজমহল ক্লাবের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ২নং ওয়ার্ড দাশপাড়ার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিত ধর (৫৫) এবং একই এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে বাবুল দে প্রকাশ বালি (৬৫)।

এ ঘটনায় আহতরা হলেন, ওই এলাকার দিলীপ মল্লিক (৬৫) ও টিকলু বিশ্বাস (৪০) এবং প্রাইভেট কারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০), মশিউর রহমান (৪৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি ব্যাটারি রিকসা মহাসড়কের পাশে দাড়িয়ে যাত্রী উঠাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকসাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীসহ রিকসা ঘটনাস্থল থেকে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এসময় রিকসাতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রনজিত ধর (৫৫) এবং বাবুল দে প্রকাশ বালি (৬৫) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ সালাহ উদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও রিকসাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন