মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর শিংয়ের গুঁতায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
সারাবন তহুরা (নিঝুম)
expand
সারাবন তহুরা (নিঝুম)

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় সারাবন তহুরা (নিঝুম) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারাবন তহুরা (১৫) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। সে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক গরু বিক্রেতা কালো রঙের একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন। সড়কের পাশে দড়ি দিয়ে সেটি বাঁধা ছিল। এ সময় সারাবন তহুরা কোচিংয়ে যাওয়ার পথে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। এতে সে সড়কের পাশে থাকা বাঁশের স্তূপের ওপর পড়ে যায় এবং মুখে গুরুতর আঘাত পায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা নামের ওই স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে গেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন