

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল সাধারণ মানুষকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে—এমন প্রলোভন দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে। জনগণ এখন সচেতন। তারা এসব ভণ্ডদের ভণ্ডামি প্রত্যাখ্যান করেছে। ফলে তাদের “বেহেশতের টিকিট” বিক্রিও বন্ধ হয়ে গেছে।
তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির একটি বিশেষ বটবাহিনী অসত্য, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের মিথ্যাচারের জবাব দিতে হবে। মিথ্যার কবর রচনা করেই শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে—ইনশাআল্লাহ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যেখানেই যাচ্ছি, সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। পুরুষ, মহিলা এমনকি শিশুরাও ধানের শীষের স্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন ঘরে ফিরব, তখনই আন্দোলন শেষ হবে।
প্রতিপক্ষ দলকে উদ্দেশ করে আমির খসরু বলেন, সাধারণত প্রতিপক্ষকে চোখে দেখা যায়। কিন্তু বর্তমানে আমাদের প্রতিপক্ষ অদৃশ্য। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মকে ব্যবহার করছে, এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে অর্থ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। তারা প্রতিদিন মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত। শত্রু যখন অদৃশ্য, তখন চোখ-কান আরও বেশি খোলা রাখতে হবে।
তিনি বলেন, নির্বাচনে বিএনপি জিতবে, তবে বিশাল ভোটে জিততে হবে। বিশ্বের মানুষকে আমরা বার্তা দিতে চাই—বাংলাদেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান ও সালাউদ্দিন চৌধুরী সোহেল।
মন্তব্য করুন
