শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস পোড়ালেও জনগণের রায় বদলানো যাবে না: নাজমুল মোস্তফা 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন
expand
গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে বিএনপির নির্বাচনী অফিস ও ব্যানারে অগ্নিসংযোগ করছে। গতকাল রাতেও সাতকানিয়ার মাদার্শা এলাকায় তার নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী অফিস ও ব্যানার পুড়িয়ে আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। ঐক্যবদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া বিএনপিকে কোনো ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ৭২ ঘণ্টার মধ্যে মাদার্শায় আমার অফিসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করতে হবে। আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। তা না হলে জনগণকে সাথে নিয়ে আমরা তার জবাব দিতে বাধ্য হব।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাংলা ক্লাব, বাবুনগর ও মাঝের দোকান এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন এবং এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, ‘নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সাতকানিয়া-লোহাগাড়ায় নজিরবিহীন উন্নয়ন হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ন্যায় ও সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, একটি মহল তাকে এবং বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তবে জনগণ এসব প্রত্যাখ্যান করছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না’।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, বিএনপি নেতা গোলাম রসুল মোস্তাক, অ্যাডভোকেট ওমর চৌধুরী, রমজান আলী, জামাল হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, সাব্বির আহমদ এবং ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন