শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টিউবওয়েলে চাপ ছাড়াই পানি, মুখে জ্বলছে আগুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
কচুয়ার টিউবওয়েল স্থাপনের সময় চাপ ছাড়া পানি বের হচ্ছে এবং টিউবয়েলের মাথায় দিয়ে আগুন বের হচ্ছে ।
expand

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নবস্থাপিত টিউবওয়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। টিউবওয়েল স্থাপনের পর হাতল চাপার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়। পরে গ্যাসের উপস্থিতির আভাস মেলে এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা।

রোববার সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেন পরিবারের জন্য পানীয় জলের উদ্দেশ্যে টিউবওয়েলটি স্থাপন করা হয়। কাজ শেষ হওয়ার পরই উপস্থিত লোকজন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি প্রবাহিত হচ্ছে। অল্প সময়ের মধ্যেই টিউবওয়েলের মুখে বুদবুদের শব্দ শোনা যায়, যা উপস্থিতদের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করে।

টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, রবিবার সকালে আমরা কয়েকজন মিলে ওই বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করি। স্থাপন শেষ হওয়ার পর হাতল চাপার আগেই পানি বের হতে দেখি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির ইঙ্গিত বলে মনে করছেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মত স্থানীয়দের।

নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank