

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পাচারের সময় ৬৫টি কচ্ছপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের সালদানদী বিওপির একটি টহল দল কসবা উপজেলার সালদানদী সীমান্তের শহীদ মিনার এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। এর মধ্যে চারটি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে।
পরে বন্যপ্রাণী সংরক্ষণ–সংক্রান্ত প্রচলিত আইন অনুসারে বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদীর প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।