

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কৃতি সন্তান নাদিয়া পাঠান পাপন। দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় তার নাম রয়েছে ৩২ নম্বরে। এ খবরে জেলার পাশাপাশি বিজয়নগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০০ সালে চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিগত সময়ে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখার কারণেই মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন।
ব্যক্তিগত জীবনে নাদিয়া পাঠান পাপন চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের কন্যা। শিক্ষাজীবনে তিনি দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সব আন্দোলনে সামনে থেকে লড়াই করেছি। দলের কঠিন সময়ে পাশে থাকার স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমি সমাজের পিছিয়ে থাকা নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চাই। নারীদের এগিয়ে নিতে তাদের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
মন্তব্য করুন