সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম
নবীনগর বীরগাঁও ইউনিয়নের ৪২ বস্তা সরকারি চাল জব্দ
expand
নবীনগর বীরগাঁও ইউনিয়নের ৪২ বস্তা সরকারি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে ভিজিএফের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগের শেষ হতে না হতে এবার একই ইউনিয়নের বাইশমৌজা বাজার থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) বিকেলে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের একটি দোকান থেকে এই চাল জব্দ করা হয়। তবে ওই চাল কে বা কারা এবং কী কারণে দোকানে রেখেছিল, তা নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রবিবার সন্ধ্যায় ৪২ বস্তা চাল জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাইশমৌজা বাজারের একটি দোকানের সামনে চালবোঝাই একটি মিনি ট্রাক থেকে ৪২ বস্তা চাল নামানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে দোকানদার হানিফ মিয়াসহ চালগুলো আটক করা হয়।

এ বিষয়ে এএসআই নাঈম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানদার হানিফ মিয়াসহ সরকারি চাল আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তবে এ বিষয়ে জানতে দোকানদার হানিফ মিয়ার সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, এই চালের ঘটনায় ইউনিয়ন পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। শুনেছি ১৫ টাকা কেজির সরকারি চালের মালিক স্থানীয় এক ডিলার।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “৪২ বস্তা চাল কীভাবে বাজারের একটি দোকানে এল, তা তদন্তের পর বলা যাবে। আপাতত চালগুলো ওই দোকানেই জব্দ রাখা হয়েছে। পুরো বিষয়টির তদন্তভার পিআইওকে দেওয়া হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন