

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলা- ৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নের ভোট প্রদানকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় গতকাল ১১ ফেব্রুয়ার ও ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২৫ জন জামায়াত কর্মী আহত হয়েছে। এছাড়াও ইসলামী আন্দোলনে ৪ নেতা কর্মী আহত হয়েছেন। আহতরা চরফ্যাশন সরকারি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরেজমিনে ঘুরে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষের ঘটনায় জামায়াতের ২৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চরফ্যাশন উপজেলায় জামায়াতের সহকারী সেক্রেটারি এড. এনামুল হক রায়হান বলেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চরফ্যাশনের ৬০ নং আনজুর হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে চার কলমী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী (অবঃ বিজিবি) লোকমান তালুকদার, আসলামপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহবুবুর রহমান, এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী মো. মিজান, দুলারহাট থানা শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামসহ ২০ জন জামায়াত ও শিবিরের নেতা কর্মী আহত হয়েছে।
পাশাপাশি ১১ ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে ওসমান গঞ্জ ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে হাসানগঞ্জ ১ নং ওয়ার্ডে উত্তর-পশ্চিম ফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জামায়াতের কেন্দ্রের এজেন্ট মো. সুমন, মো. পারছি, মোহাম্মদ গিয়াস উদ্দিন হাওলাদার, মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ নুর আলম মারাত্মকভাবে আহত করে সঙ্গবদ্ধ বিএনপি কর্মীরা।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইন বলেন, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সংঘর্ষ হলেও পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। নৌ বাহিনীকে জানানোর পর তারা টহল জোরদার করার কারণে বড় ধরনের কোন হামলার ঘটনা ঘটেনি।
অপরদিকে একই দিনে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে চর কলমী ইউনিয়নে। এতে ইসলামী আন্দোলনে ৪ নেতা কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, চরফ্যাশনের কোথাও জামায়াতের সাথে বিএনপি'র কোন সংঘর্ষ হয়নি। স্বাধীনতার পর সবচেয়ে সুস্থ নির্বাচন হয়েছে এবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, ১১ ফেব্রুয়ারী জামায়াতকর্মীদের সাথে বিএনপি'র সংঘর্ষের খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি এবং আহতদেরকে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করতে বলেছি।
মন্তব্য করুন