সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে শিশু-বয়স্কদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে: মোস্তফা কামাল 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
মহিলা জামায়াত আয়োজিত মহিলা সমাবেশে মোস্তফা কামাল 
expand
মহিলা জামায়াত আয়োজিত মহিলা সমাবেশে মোস্তফা কামাল 

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল বলেছেন, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পাঁচ বছরের নীচে শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা হবে

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাজারীগন্জ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ডস্হ হাজারীগন্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহিলা জামায়াত আয়োজিত মহিলা সমাবেশে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের প্রতি ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। একইদিন হাজারীগন্জ ৫নং ওয়ার্ড আবাসন প্রকল্প, ৬নং ওয়ার্ড আবাসন প্রকল্প পৃথক পৃথক মহিলা সমাবেশে তিনি বক্তব্য রাখেন।

অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার হবে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, গরিব ও অসহায় মানুষের জন্য কৃষি কার্ড, জেলে কার্ডসহ বিভিন্ন প্রণোদনা প্রদান এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা বিনামূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “আমি শাসক হতে চাই না, সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট পারভেজ হোসেন। তিনি বলেন, ভোটারদের কোনো হুমকি বা ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন।

হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা অ্যাডভোকেট রমিজ উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক ওহিদ ফয়সাল ও যুগ্ম সমন্বয়ক সাংবাদিক সফিকুর রহমান সফি, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা আবদুল্যাহ আল মামুন, সাবেক আমীর মো: জাকির হোসেন, সালেহ উদ্দিন, মাওলানা মতিন,মাওলানা মনিরুল ইসলাম, মো: সফিউল্লাহ ও নুরহোসেন রাসেল প্রমুখ। পৃথক পৃথক সমাবেশে কয়েক হাজার মহিলা অংশ গ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন