সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
হামলার শিকার নাদিমা মোহাম্মদী খান ও তার বাবা জেড আই খান পান্না।
expand
হামলার শিকার নাদিমা মোহাম্মদী খান ও তার বাবা জেড আই খান পান্না।

বরিশালে বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান (৩৯) হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে বরিশাল নগরীর সদর রোডে জেড আই খান পান্নার পারিবারিক বাসভবনে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই নাদিমা মোহাম্মদী খান ও তার চাচাতো বোন বরিশালের ওই পারিবারিক বাড়িতে আসেন। সেখানে কিছু যুবক বাড়ির ভেতর আবর্জনা ফেলে রাখাসহ নিয়মিত মাদকসেবন ও মাদক কারবার চালিয়ে আসছিল। তারা এর প্রতিবাদ করলে যুবকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে নাদিমা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে সাহায্য চান। পরবর্তীতে আহত অবস্থায় তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

নাদিমা মোহাম্মদী খানের অভিযোগ, তার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়েই এই হামলা হয়েছে। তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে এবং ওই বাড়িতে আসা ঠেকাতে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের লেলিয়ে দেওয়া হয়েছে। হামলকারীরা এ সময় ১০ লাখ টাকা চাঁদাও দাবি করে।

এ ঘটনায় রোববার সকালে নাদিমা মোহাম্মদী খান বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চাচা নজরুল ইসলাম খান, রেজাউল ইসলাম সাব্বির ও জাহিদুল ইসলাম রাজুসহ পাঁচজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে চাঁদনী নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. হান্নান বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এই অপরাধের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন