বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে প্রকৌশলীকে প্রকাশ্যে শাসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমকে শাসাচ্ছেন কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন। ছবি: সংগৃহীত
expand
উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমকে শাসাচ্ছেন কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমকে নিজ কার্যালয়ে প্রকাশ্যে শাসানোর অভিযোগ উঠেছে কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন তার কার্যালয়ে এসে প্রথমেই অভিযোগ করেন, একটি সড়ক নির্মাণের বিষয়ে তাকে এলাকায় ‘জিরো’ করে দেওয়া হয়েছে।

তিনি এলাকাবাসীকে ওই সড়কের কাজ হবে না বলে জানিয়েছিলেন। পরে উপ-সহকারী প্রকৌশলী একই সড়কের কাজ হবে বলে জানানোয় তিনি বিব্রত হয়েছেন।

উপজেলা প্রকৌশলী জানান, বিষয়টি তাকে বুঝিয়ে বলা হয় যে, একই সড়কের জন্য দুইবার আবেদন হওয়ায় এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না। তবে ব্যাখ্যা দেওয়ার পরও বিএনপি নেতা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন এবং উচ্চস্বরে কথা বলেন। একপর্যায়ে তিনি অফিসের পরিবেশ উত্তপ্ত করে চলে যান।

যাওয়ার আগে হাসানুজ্জামান খোকন বলেন, ভবিষ্যতে কোনো উন্নয়নকাজ করতে হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঠিকাদারকে কাজ করতে হবে, অন্যথায় বিভিন্ন ধরনের বাধার মুখে পড়তে হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন।

তিনি বলেন, সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। কারও সঙ্গে উচ্চবাচ্য করা বা শাসানোর মতো কোনো ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ভুক্তভোগী যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেন, তাহলে বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, আমরা বাবুগঞ্জের মানুষের সেবা করতে এসেছি। সরকারি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup