

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১১ জুন) তালতলী খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার খাদ্যগুদাম থেকে অটোরিকশাযোগে কয়েক বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম। এ সময় চাল পাচারের সন্দেহ হলে রুবেল নামের এক যুবকসহ স্থানীয় কয়েকজন তাকে চ্যালেঞ্জ করেন। এ নিয়ে রফিকুলের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে যাতে রুবেলের পরিহিত গেঞ্জি ছিঁড়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা চালসহ ওই ইউপি সদস্যকে আটকে রেখে তালতলী থানা পুলিশে খবর দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাৎ করে পাচারের চেষ্টা করছিলেন ওই ইউপি সদস্য। তবে আটকের কয়েক ঘণ্টা পর জব্দ করা চাল ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
জানা গেছে, জেলেদের জন্য বরাদ্দকৃত এই চাল মূলত ঈদুল আজহার আগেই বিতরণ করা হয়েছিল।
এ বিষয়ে ৬ নম্বর নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু বলেন, আমি বর্তমানে বরগুনায় অবস্থান করছি। ঈদের আগে চাল বিতরণের সময় তিনজন জেলে অনুপস্থিত থাকায় তাদের প্রত্যেকের ৭৭ কেজি করে চাল খাদ্যগুদামে সংরক্ষিত ছিল। আজ সেই চাল বিতরণ করা হয়েছে বলে শুনেছি। ইউপি সদস্যকে চালসহ আটকের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের তালিকাভুক্ত হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ট্যাগ অফিসারের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান দাবি করেন, ট্যাগ অফিসারের উপস্থিতিতেই এই চাল বিতরণ করা হয়েছে।
তবে চেয়ারম্যানের এই দাবি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমাম হোসেন। তিনি বলেন, আজ চাল বিতরণ করা হয়েছে কি না, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি এবং আমি সেখানে উপস্থিতও ছিলাম না। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ডেকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, অনুপস্থিত তিন জেলের বরাদ্দকৃত চাল তারা নিজেরাই নিতে এসেছিলেন, রফিক মেম্বার চাল নেননি। ওই তিনজনকে তাদের চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। ইউপি সদস্য রফিকুল ইসলামকে মূলত একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ভিজিএফের চাল বিতরণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক। ট্যাগ অফিসার ছাড়া কোনোভাবেই চাল বিতরণ করা যাবে না। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।