

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাফি আকন ওই গ্রামের জসিম আকনের ছেলে। সে দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয় রাফি। এরপর আর বাড়িতে ফেরেনি।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার সকাল ৭টার দিকে এক প্রতিবেশী বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে কচুরিপানার নিচে একটি হাত দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে জড়ো হন। খবর পেয়ে রাফির বাবা-মা ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রাফির বলে শনাক্ত করেন।
পরে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, রাফি সাঁতার জানত এবং সাধারণত ওই খালে যাওয়ার কথা নয়। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

