বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজরত মা-মেয়েকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
expand
নামাজরত মা-মেয়েকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজ আদায়ের সময় এক পরিবারের দুই নারীকে জিম্মি করে বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাহেরা বেগম (বৃদ্ধা) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের পাশের ভূইয়া সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, মাগরিবের নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী যুবক ঘরে প্রবেশ করে। তারা প্রথমে মা-মেয়ের চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারির চাবি চাইলে তা দিতে দেরি হওয়ায় তাহেরা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করা হয়। এরপর ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার আগে ঘরের বিভিন্ন আলমারি ও আসবাবপত্র তছনছ করে ফেলে।

তাহেরা বেগম বলেন,আমরা মা-মেয়ে নামাজে দাঁড়িয়েছিলাম। সেজদার সময় কয়েকজন মুখ বাঁধা ব্যক্তি আমাদের চোখ-মুখ বেঁধে ফেলে। নামাজও শেষ করতে দেয়নি। ঘরে তখন কোনো পুরুষ সদস্য ছিলেন না। চাবি দিতে দেরি হওয়ায় আমাকে ছুরি দিয়ে হাতে আঘাত করে। আমার বিয়ের সময়ের বহু বছরের পুরোনো স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা নিয়ে গেছে।

ডাকাতির খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup