

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের কমলনগরে একটি মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এক নেতা।
বুধবার (৮ জুলাই) রাতে হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
জামায়াতে যোগ দেওয়া ওই নেতার নাম আক্তার হোসেন মিলন। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
ভিডিওতে দেখা যায়, মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে আক্তার হোসেন মিলনের জামায়াতে যোগদানের অনুষ্ঠান চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির এবং মাতাব্বরনগর দারুচ্ছুনাত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন। এছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে দলীয় সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দেন আক্তার হোসেন মিলন। পরে তিনি বক্তব্যও দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন।
রাজনৈতিক জীবনে আক্তার হোসেন মিলন প্রথমে আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে মেজর (অব.) আবদুল মান্নানের বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। ২০১৬ সালে বিকল্পধারা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। কয়েক বছর ওই পদে দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০২২ সালের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হলেও নির্বাচিত হতে পারেননি।
জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, “আমি যখন আওয়ামী লীগে ছিলাম, তখন তারা আমাকে জামায়াত ট্যাগ দিয়ে মাঠে দাঁড়াতে দেয়নি। তাই এখন আমি জামায়াতে যোগ দিয়েছি। মানুষের জন্য কাজ করতে চাই।”
শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, তার কক্ষে একটি দোয়ার অনুষ্ঠান চলছিল। সেখানে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আক্তার হোসেন মিলন এসে জামায়াতে যোগ দেন।
তবে ভিডিওতে অনুষ্ঠান আয়োজন ও নিজে সঞ্চালনা করার বিষয়টি দেখা যাচ্ছে—এমন প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের বলেন, “মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন জামায়াতে যোগদান করেছেন।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান বা অধ্যক্ষের কার্যালয়ে রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার বিধান নেই। এমনটি হয়ে থাকলে তদন্ত করে দেখা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, “ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। মাদরাসার অফিস কক্ষে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সরকারি বিধির পরিপন্থী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।”