

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সরকারি উন্নয়ন প্রকল্পের টেন্ডার ভবিষ্যতে সমঝোতার মাধ্যমে সম্পন্ন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান। তাঁর দাবি, এ প্রক্রিয়া অনুসরণ করা হলে স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা কাজের সুযোগ পাবেন এবং উপকৃত হবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হুইপ নিজান বলেন, “সাংবাদিক বন্ধুগণ, অনুগ্রহ করে এই ভিডিও ক্লিপটি ধারণ করবেন না।” তাঁর এ অনুরোধের পর উপস্থিত গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ থেকে বিরত থাকেন।
টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির আওতাধীন প্রকল্প প্রসঙ্গে হুইপ বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তিনি জানান, এককালীন এক কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। তবে দুই থেকে তিন লাখ টাকা ব্যয়ে একাধিক ছোট প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।
এ সময় তিনি আরও বলেন, সরকারি ইজারা কম মূল্যে দেওয়া হবে এবং টেন্ডারও সমঝোতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। তাঁর ভাষায়, “আমরা কম টাকায় ইজারা দেব। টেন্ডারে আমরা কম অংশগ্রহণ করব।"
হুইপ নিজান বলেন, কমলনগরের প্রায় ৮৮ শতাংশ মানুষ দরিদ্র। তাই উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় আর্থসামাজিক বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে হুইপ নিজান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পিঠের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তবুও তিনি প্রতিশোধ নেননি। কেউ যদি আমার মাকে গালি দেয়, আমিও প্রতিশোধ নেব না। কারণ প্রতিহিংসা করে কোনো জাতি বা সমাজ কখনো এগিয়ে যেতে পারে না।”
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়েরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
