

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরীর একটি মসজিদে জুমার নামাজের সময় দান করার জন্য দেওয়া টাকার নোট জাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছেন মুসল্লিরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) জুমার নামাজের সময় মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি টাকা ফেরত চেয়ে বসেন। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি পরীক্ষা করেন। পরে অন্যরাও নোট যাচাই করে সেগুলো জাল বলে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন থানায় লিখিত অভিযোগ করেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
