শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের উন্মাদনায় মতলবে জার্সি ও পতাকা বিক্রির ধুম

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৩২ পিএম
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মতলব উত্তরের স্পোর্টস দোকানগুলোতে জার্সি ও পতাকা কিনতে ফুটবলপ্রেমীদের ভিড়।
expand
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মতলব উত্তরের স্পোর্টস দোকানগুলোতে জার্সি ও পতাকা কিনতে ফুটবলপ্রেমীদের ভিড়।

শুরু হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ-২০২৬। আর বিশ্বকাপকে ঘিরে দেশের অন্যান্য এলাকার মতো চাঁদপুরের মতলব উত্তরেও বইতে শুরু করেছে ফুটবল উন্মাদনার হাওয়া। মাঠে খেলা গড়ানোর আগেই উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে ফুটবলপ্রেমীরা ভিড় করছেন জার্সি, পতাকা ও সমর্থনসামগ্রী কিনতে।

বিশ্বকাপকে কেন্দ্র করে মতলব উত্তরের বিভিন্ন স্পোর্টস দোকানে এখন চলছে জার্সি বিক্রির ধুম। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও মরক্কোসহ বিভিন্ন দেশের জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এবং শিশুদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ।

উপজেলার ছেংগারচর বাজার, নতুন বাজারসহ বিভিন্ন এলাকার স্পোর্টস দোকান ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই আছে। অনেকেই বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসে নিজেদের পছন্দের দলের জার্সি, পতাকা ও বিভিন্ন সমর্থনসামগ্রী কিনছেন। বিশ্বকাপকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি ব্যস্ততা।

ছেংগারচর বাজারের মতলব স্পোর্টস খেলাঘরের ব্যবসায়ী আব্দুর রহমান মুন্না বলেন, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই জার্সির বিক্রি অনেক বেড়ে গেছে। তরুণদের পাশাপাশি শিশুদের মধ্যেও জার্সির চাহিদা বেশি। বিশেষ করে মেসি ও নেইমারের নাম-নম্বরযুক্ত জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এরপর রয়েছে পর্তুগাল, স্পেন ও ফ্রান্স দলের জার্সি।

নাহার খেলাঘরের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন, বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এবারও আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন শত শত পিস জার্সি বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন আকারের পতাকা ও ব্যানারও ভালো বিক্রি হচ্ছে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ তাদের কাছে শুধুই একটি খেলা নয়, বরং একটি আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং দলকে সমর্থন জানাতেই তারা জার্সি ও পতাকা কিনছেন। ইতোমধ্যে অনেকে বড় পর্দায় খেলা দেখার আয়োজনসহ বিভিন্ন প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

ফুটবলপ্রেমীদের এমন উৎসাহ-উদ্দীপনায় বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে মতলব উত্তর। প্রিয় দলের জার্সি গায়ে মাঠে, পাড়ায় কিংবা বড় পর্দার সামনে বসে খেলা উপভোগের অপেক্ষায় রয়েছেন হাজারো সমর্থক। বিশ্বকাপের এই উন্মাদনা এখন উপজেলার সর্বত্রই উৎসবের আবহ তৈরি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন