

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমাজ ও মানবকল্যাণে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি বলেছেন, একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য সমাজ গঠনে শুধু অন্যকে উপদেশ দিলেই হবে না, বরং প্রত্যেককে নিজেকে সৎ, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১৩ জুন) কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সমাজ পূর্বসূরিদের ত্যাগ, শ্রম ও ইতিবাচক অবদানের ফল। তাঁদের কর্মের ধারাবাহিকতায় আজ আমরা একটি উন্নত সমাজে বসবাস করছি। তাই সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষদের মূল্যায়ন ও সম্মানিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পৃথিবী প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত করতে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর ও সমৃদ্ধ সমাজ রেখে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার জহিরুল হক দুলাল, চিকিৎসক ডা. আব্দুল লতিফ, সমাজসেবক জামিল আহমেদ খন্দকার, চিকিৎসক ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।
এ বছর সম্মাননা লাভ করেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, চিকিৎসা ও মানবসেবায় অবদানের জন্য ডা. আব্দুল লতিফ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকার জন্য জামিল আহমেদ খন্দকার, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য ডা. গোলাম শাহজাহান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বদরুল হুদা জেনু।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিপিবি নেতা শেখ আবদুল মান্নান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান, অজিত গুহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতির বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।