রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে মান্দা উপজেলার ১নং ভারশো ইউনিয়নের ছুটিপুর গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে আব্দুল হামিদ শাহ (৬০)।

পুলিশ জানায়, নিহত আব্দুল হামিদ শাহ ও অভিযুক্তরা একই ভাগিশরীক এবং তাদের বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় হামিদ শাহ বাম পাশের পাঁজরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছুটিপুর গ্রামের মো. আপেল মাহমুদ ওরফে আল ফারুক (২৯), মো. আব্দুল মতিন শাহ (৪০) এবং মোছা. আলেফা বেগম (৪৫)-কে গ্রেফতার করেছে।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন