

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।
শনিবার (৬ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিতবাড়ি এলাকার একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কয়েকজন ব্যক্তি পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় পানির নিচে তাঁদের পায়ে বড় আকারের একটি ভারী বস্তা লাগে। পরে তাঁরা বস্তাটি পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসেন। বস্তাটির বিষয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন মুরাদনগর থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে বস্তাটি খুলে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটি খুলে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এগুলো কীভাবে সেখানে এল এবং কারা রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।