

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইনউদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।
শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করছিলেন বাবা-ছেলে। এ সময় পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সেটি পুনরায় সংযোগ দেওয়ার চেষ্টা করেন তারা। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনই।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।