

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার মহিষাইর গ্রামের মোহাম্মদ সানাউল্লাহ (২৫) এবং মুরাদনগর উপজেলার অন্তর (২২)। সানাউল্লাহ কুমিল্লা শহরে মোটরসাইকেল মেরামতের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চন্দন সাহা জানান, সকালে কুমিল্লামুখী একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকায় যাত্রী ওঠানামার জন্য থামলে একই দিকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে নিহত সানাউল্লাহর মামা মাওলানা মুফতি মাযহারুল ইসলাম বলেন, আমার ভাগনে সানাউল্লাহ ও তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারী মোটরসাইকেলে করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চৌদ্দগ্রাম এলাকায় দুর্ঘটনায় দুজনই নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ নিতে মিয়াবাজার পুলিশ ফাঁড়িতে এসেছি।
সানাউল্লাহর বন্ধু বিপু জানান, গত বৃহস্পতিবার সানাউল্লাহ ও তাঁর সঙ্গী কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পেরে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর ভাষ্য, ভ্রমণ শেষে কুমিল্লায় ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে এসআই চন্দন সাহা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।