

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফয়জুল্লা (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়রা ফয়জুল্লা (৩৯) নামে তিন সন্তানের জনক এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে ওই কিশোরীর চাচী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি কিশোরীকে আম খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। কিশোরীর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর এক স্বজন বলেন, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে নিজেকে রক্ষা করতে পারেনি। তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।
কিশোরীর চাচি বলেন, ঘরে গিয়ে দেখি মেয়েটি আতঙ্কে কান্নাকাটি করছে। এমন ঘটনার বিচার না হলে সমাজে আরও অনেকে সাহস পাবে।
তবে অভিযুক্ত ফয়জুল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়রা বলছেন, প্রতিবন্ধী নারী ও শিশুরা সাধারণ মানুষের তুলনায় যৌন সহিংসতার অধিক ঝুঁকিতে থাকে। নিজেদের সুরক্ষা, প্রতিবাদ বা আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। ফলে অনেক ঘটনাই প্রকাশ্যে আসে না।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে। কিশোরীর চাচি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।